আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

সোমবার, ১৫ জুন, ২০১৫

সমাহিত কাব্যিকতা















কবিতার খাতা নিয়ে বসা হয় না আর,
শিল্পায়নের স্রোতে গা ভাসাতে গিয়ে
ইট, সিমেন্ট এর ভাঁজে ভাঁজে
সমাহিত করে ফেলেছি কাব্যিকতা।

এইত কিছুদিন আগেও
হঠাৎ করেই মনের ভেতর হানা দিত শব্দরা
বলত, আমাদের সাজাও, কবিতা লিখে নাও।
এখন আর আসেনা তারা,
মনের দরজায় আঘাতে আঘাতে
রক্তক্ষরণ ঘটলেও শব্দক্ষরণ হয় না।

ইচ্ছেঘুরি গুলোর সুতো কেটে গেছে
অব্যক্ত বোবা যন্ত্রনারাও নীরব।
আধুনিক কবিদের কবিতা পড়ি,
সেখানেও শুরু থেকে শেষে
প্রতিটি শব্দের উৎস থেকে প্রয়োগে
নারী দেহের গোপনাঙ্গ উন্মুক্ত করার
কি সুনিপুণ প্রয়াস।
সেটা নাকি আবার মুক্তমনা কাব্য!
সভ্যতার ভিড়ে দমবন্ধ হয়ে যেন,
উন্মুক্ত হয়ে নিঃশ্বাস নেয়ার অপচেষ্টা।

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

ভুলে গেছি তোকে

ভুলে গেছি তোকে,
সত্যিই ভুলে গেছি তোকে
মনে পড়েনা একটিবারের জন্যেও
মনে করে বা মনে রেখেই কি হবে,
তুই তো আমার না,
অবাক ব্যাপার কি জানিস,
তুই অন্য কারোও না।

অনেকটা ভেবে বুঝেছি,
তুই শুধু তোকে নিয়েই বাচিস।
কোন বৃষ্টিভেজা রাতে অথবা
মিষ্টি রোদেলা বিকেলে,
তুই কখনই ভাবিসনি আমায়।
সত্যিই কি তোর ভাবনাতে আমি নেই,
এখন অথবা তখন
নাকি এটা তোর ছলনা,
আমার সাথে, তোর নিজের সাথেও।

কেন ভাববো তোকে আমি,
কি এমন পড়েছে দায়,
তুই আমার কে বল,
শুরু হবার আগেই শেষ হওয়া গল্প
মনে রাখেই বা ক’জন।
ভালোই হোল বল,
দুজনার পথ তো দুটি দিকেই।
ভাবনাতে সাথে থেকে কি আর এমন হবে?

আমি অভিমানী,
না না সেকি,
আমি অভিমান করার কে?

মনের অজান্তে কেন জানি না
তোকেই ভালবেসে ফেলেছিলাম,
সেই প্রশ্নের জবাব খুঁজি আজো
নিজেরই অজান্তে।

ভুলে যাব বলতে গিয়েও
কতটা ভাবতে হচ্ছে তোকে দ্যাখ।
আমার মন থেকে বেরিয়ে যা।
আসিস না আর কক্ষনো
তোকে হারিয়ে ছিলাম, সেই ছিল ভালো।
কেন পেলাম তোকে এতটা বছর পর
বোবা মনের অব্যাক্ত শব্দগুলোকে
কেন উস্কে দিলি,
কেন জানলাম আমি এতটা বছর পরেও
আজও তুই একা।

আবার হারাতে চাই তোকে।
মনে করতে চাই না তোর স্মৃতি।
তাই হলফ করে বলি,
ভুলে গেছি তোকে। 

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

চাইনি ভালোবাসো

তোমার চোখের কাজল হতে চাইনি,
চাইনি আলতো করে ছুঁয়ে থাকা রক্তিম টিপ হতে
তোমাকে জড়িয়ে থাকা বেনারসিও হতে চাইনি,
একটু মনে করে দেখো-
রক্তিম ঠোঁটের কাব্যিক ছোঁয়া চাইনি
চাইনি মেঘ কালো চুলের পথ হারা নাবিক হতে
মসৃণ কপোলের আলতো ছোঁয়া প্রসাধনও হতে চাইনি
একটু মনে করে দেখো-
আমার হৃদয় শুন্য ছিল না কখনও
তাই তোমাকে কখনো ডাকিনি এই হৃদয়ে
বলিনি ভালবাসতেই হবে এই আমাকে।
দুফোটা অশ্রু তোমার চোখে চাইনি
চাইনি একচিলতে চাঁদের হাসিও
চাইনি মনের মণিকোঠায় আমায় বেধে রাখো।
বড্ড পাগলামি চাওয়া ছিল আমার,
তুমি বলতে একতরফা নেশার্ত, বিভোর
ইচ্ছেরা আজও তেমনি আছে,
ভাললাগা আজও স্মৃতিতে আম্লান প্রহর।
ঠিক জানি না কি ভাবতে তুমি,
ছিলে কি অপেক্ষায় আমার না বলা কথার।
বড় অস্থির আর চঞ্চল ছিলাম বুঝি,
ভালবাসা আমার ছিল বড়ই নিষ্কাম।
শুভ্র আর পবিত্রতায় ভরে ছিল মনের উঠোন।
তথাকথিত আধুনিকতার আগ্রাসন ছিল না মনে,
তোমাকে ভাবতেই শুধু লাগতো ভালো
পাওয়া না পাওয়ার কোন শর্তবিহীন।
সময় বয়ে যায় সময়ের নিয়মে
তুমি, আমি, যে যার মত আছি।
যানি তুমি জানবে না কখনও ঘুর্নাক্ষরেও
তবুও আমি আজও তোমাকে ভালবাসি।

শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

“যুদ্ধপুরাণ” বাঁধ ভাঙার প্রয়াস


মার্চ মহান স্বাধীনতার মাস। এই স্বাধীনতা খুব সহজে আসেনি। স্বাধীনতা এসেছে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এযাবৎ রচিত হয়েছে অনেক গান, কবিতা, নাটক, উপন্যাস, সিনেমা এবং গল্প। প্রতিটি প্রয়াসই ছিল অনেক চেষ্টা এবং গবেষণার ফসল। কিন্তু এদের মধ্যে ছিল সীমারেখা। “যুদ্ধপুরাণ” সেই সীমারেখা বা বাঁধ ভেঙ্গে দেয়ার এক ভিন্নধর্মী প্রয়াস।

নাটকটি নির্মিত হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পুর্ববর্তী সময়ে মিরপুর এলাকায় পাকিস্তানি আর্মি এবং পাকিস্তান পন্থী অবাঙ্গালী দের দ্বারা সংঘটিত নারকীয় হত্যা যজ্ঞের প্রতিচ্ছবির পটভূমিতে।

নাটকটির মুল আকর্ষন হচ্ছে এর উপস্থাপন। তথাকথিত নাটকের মত আপনি শুধু বসে বসে দেখলেন আর শুনলেন ব্যাপারটা এমন নয়। নাটকটি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মত। একটু ধারনা দিলে হয়ত বুঝতে পারবেন, ধরুন আপনি রাতের আধারে কোন এক বধ্যভূমির পাশ দিয়ে খালি পায়ে হাঁটছেন, হঠাৎ আপনার নাকে ভেসে এল কর্পুর আর ধূপের মিশ্র গন্ধ। পায়ের নিচে মাটি হয়ে উঠল শীতল ও স্যাঁতস্যাঁতে। লক্ষ করলেন, আপনার আশেপাশে হাঁটছে লম্বা আলখেল্লা পরিহিত আরও কিছু কায়া, চাঁদের আবছা আলোয় মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। এর মধ্যে কোন একটা কায়া এগিয়ে এলো আপনার দিকে, বলে উঠল, আমাকে চিনতে পারছেন কি, চেনার কথাও নয়, আমি আবু তালেব। বলেই হাতটা এগিয়ে দিল, ঘটনার আকস্মিকতায় আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না। অজান্তেই হাতটা বাড়িয়ে ধরলেন সেই হাতটিকে। মৃত মানুষের হাতের মত হিমশীতল হাতের স্পর্শ লাগল আপনার হাতে। চমকে কায়ার মুখের দিকে তাকালেন, চাঁদের অস্পষ্ট আলো আধারিতে ফুটে উঠল ফ্যাকাশে হয়ে যাওয়া লাশের মুখ। আপনার অনুভূতি তখন কেমন হবে একটু ভাবুন তো। এই নাটকে আপনি এই ধরনেরই কিছু অনুভূতি পাবেন। এখানে দেখা হবে সেই নারকীয় হত্যাযজ্ঞে শহীদ হওয়া কিছু নিরপরাধ বাংলাদেশির আত্মার সাথে। আত্মারা আপনার সাথে হাঁটবে। তাদের সাথে ঘটে যাওয়া সেই হত্যাযজ্ঞের বর্ননা দেবে। এখানে আপনি দেখা পাবেন সাংবাদিক আবুতালেব, লেখিকা মেহেরুন নেসা সহ বিভিন্ন পেশাজীবীর আত্মার সাথে। উনারা আপনাকে নিয়ে যাবে সেই জল্লাদখানায়, দেখাবে সেই গণকবর। যেখানে আজো ঘুমিয়ে আছে সেই সব শহীদেরা।

নাটকের সময়কাল মাত্র ২০ মিনিট। কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। এই ২০ মিনিট আপনাকে স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আপনার চেতনাকে নাড়া দেবে। গত ২৬ শে মার্চ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে পরপর ছয়বার মঞ্চায়িত হয় নাটকটি। প্রতিটি শো ছিল হাউসফুল। আমি নিজে খুব বেশি মঞ্চ নাটক দেখেছি তা নয়, খুব কম দেখেছি ব্যাপারটা তা ও নয়। নতুন নতুন প্রচুর আইডিয়ার দেখা পেয়েছি। অনেক ধরনের প্রেজেন্টেশন দেখেছি। কিন্তু “যুদ্ধপুরাণ” ছিল আমার দেখা সুবিন্যস্ত ভাবে এক্সিকিউটেড একটা সেরা প্রেজেন্টেশন। যেটা বর্ননার চেয়ে বাস্তবে আরও অনেক বেশি অসাধারন। বাঁধ ভাঙার এই প্রয়াস সফল হোক এই কামনা করি। এবং "যুদ্ধপুরাণের" পুরো টিমের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। স্পেশাল ধন্যবাদ বরুন দা কে, আমাকে এমন একটা উপস্থাপন এর সাক্ষী করার জন্য। 

নাটকটির মুল পরিকল্পনা ও নির্দেশনাঃ আনিসুল হক বরুন।

এবং কলাকুশলীরা বিভিন্ন নাট্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। যেমন নাট্য বিন্দু, নাট্য শৈলী, পদাতিক, দেশ নাটক। থিয়েটার রুপান্তর ইত্যাদি।
সার্বিক সহযোগিতায়ঃ শিল্পকলা একাডেমি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। 

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

কষ্ট দেবার খেলা..


নিজেকে কষ্ট দেবার খেলায় মেতেছি,

ইচ্ছে করেই জমিয়ে রাখছি কষ্টগুলো,
হয়ত আজকের এই জমানো কষ্টই হবে
বাকি জীবনের পথের পাথেয়।
কারো সাথে ভাগ করে নিচ্ছিনা বা পারছি না,
এ খেলার শুরু যেদিন থেকে,
নিজেই বয়ে নিয়ে বেড়াচ্ছি কষ্টের বোঝা,
প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলছে এর ভার;
ঝেড়ে ফেলতে চেয়েও কেন জানি ঝেড়ে ফেলছি না।

কাঁক ডাকা ভোরে বিছানা ছাড়া থেকে
গভীর রাতে ঘরে ফেরা পর্যন্ত চলছে
কষ্ট সংগ্রহের এই নিবিড় অনুশীলন আমার।
নিজের সাথে নিজেই বলছি কথা
আর বাকিটা দিয়ে ভরছে কবিতার খাতা।
কলমের ডগা দিয়েও আজ কেন জানি আসছে না,
আসছেনা আমার পুঞ্জিভূত কষ্টের কথকতা।

হৃৎপিণ্ডের বিরামহীন কম্পনসম,
টিক টিক করে ছুটে চলছে সময় অবিরত
দেখতে না দেখতেই পার হয়ে এসেছি অনেকটা পথ
নিজেরই অজান্তে শুরু হয়েছিল যে পথচলা।
অনেক ভেবে, নিজেকে প্রশ্ন করে করে ক্লান্ত আমি,
উত্তরের অপেক্ষাতে এখন আর থাকি না।

প্রশ্নের পর প্রশ্ন জমিয়ে বুকে গড়েছি বিস্তীর্ণ পর্বত
সেই পর্বতের বিভিন্ন অংশে আছে সুউচ্চ পাহাড়
দু’চোখে জমিয়ে রেখেছি সাগর, আছে নোনা জল
আর এ দু’য়ের মাঝের আকাশে লুকিয়ে আছে,
লুকিয়ে আছে মেঘ হয়ে, কান্না আমার-
ঠিক কখন তা ঝরবে বৃষ্টি হয়ে, তা নিজেই জানিনা। 

trafficG